গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে যৌথ বাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে কারখানার সামনে নেয়া হলে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি। এ নিয়ে গত ১১ মার্চ হঠাৎ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেয়ায় একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ওই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, এই কারখানার শ্রমিকরা গত কয়েকদিন আগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ২০ মার্চের মধ্যে বেতন দেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। এর মধ্যে ১৫০০ জন শ্রমিকদের ১২৫০ জন শ্রমিকের বেতন দেওয়া হয়। গতকাল শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে 'নো ওয়ার্ক নো পে' ঘোষণা করে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর রোববার সকাল ৭টা থেকে শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নেয়া হলে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।










