ইনজুরি কাটিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরেই গোল পেলেন নেইমার। উজ্জীবিত সেলেসাওরা গতকাল ভোরে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলিকে গুঁড়িয়ে দেয় ৪-০ গোলে। ইউরোপে নর্থ মেসিডোনিয়ার কাছে ঘরের মাঠে হেরে বাছাই পর্ব থেকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ছিটকে পড়ার দিনই বিশ্বকাপের আরেক বড় দল ব্রাজিল পেল দাপুটে জয়। উল্লেখ্য, এ নিয়ে টানা দুটি বিশ্বকাপে উত্তীর্ণ হতে ব্যর্থ হলো ইতালি। 

মারাকানায় একবার করে গোলের দেখা পান নেইমার, ফিলিপ্পে কুতিনহো, ভিনিসিয়স জুনিয়র ও রিচার্লিসন। এ হারে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ শেষ হয়ে গেছে চিলির। তবে প্লে-অফের আশা এখনো বেঁচে আছে তাদের।

এদিন কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে একুয়েডর ও উরুগুয়ে। ব্রাজিল ও আর্জেন্টিনার পর লাতিন মহাদেশ থেকে কাতারের টিকিট কাটল এ দুই দেশ। গতকাল প্যারাগুয়ের কাছে ১-৩ গোলে হেরে গেছে একুয়েডর। তবে অন্য ম্যাচের ফলের ভিত্তিতে বিশ্বকাপে যাওয়া ঠিকই নিশ্চিত হয়েছে তাদের। পেরুকে ১-০ গোলে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে উরুগুয়ে। একুয়েডরের মতো দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদেরও ১৭ ম্যাচে পয়েন্ট ২৫।

বিশ্বকাপ বাছাইয়ে ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে সবার উপরে ব্রাজিল। চিলি ১৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। তাদের আগে রয়েছে কলম্বিয়া (২০) ও পেরু (২১)। শীর্ষ চার দলের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত। এখন পঞ্চম স্থানধারী দলটি প্লে-অফ ম্যাচ খেলে কাতার বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে। এ দৌড়ে আছে পেরু, কলম্বিয়া ও চিলি। কাগজে-কলমে চিলির প্লে-অফের আশা বেঁচে থাকলেও মেলাতে হবে জটিল সমীকরণ।

২৯ মার্চ চিলি ঘরের মাঠে খেলবে উরুগুয়ের বিপক্ষে, পেরু ঘরের মাঠে মোকাবেলা করবে প্যারাগুয়ের, আর কলম্বিয়া যাবে ভেনিজুয়েলার মাঠে। পেরু কিংবা কলম্বিয়া ম্যাচে জিতলে চিলির কোনো আশা নেই, তবে যদি ওই দুটি দল হেরে যায় কিংবা ড্র করে তবে বেঁচে থাকবে তাদের বিশ্বকাপ স্বপ্ন। পেরু জিতলে কোনো সমীকরণ ছাড়াই প্লে-অফের টিকিট পাবে।