মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) জানিয়েছেন, জালিয়াতি করে মুক্তিযোদ্ধা ভাতা ও সুযোগ-সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস এবং মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া জাতির সঙ্গে প্রতারণা। এটি ছোটখাটো কোনো অপরাধ নয়, বরং বড় ধরনের অপরাধ। আদালতের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হলে তাদের সনদ বাতিল করা হবে এবং শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, যারা স্বেচ্ছায় এ তালিকা থেকে সরে দাঁড়াবেন, তাদের সাধারণ ক্ষমা দেয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে যারা প্রতারণা চালিয়ে যাবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা বলেন, আমরা নিশ্চিত করতে চাই, প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা কোনোভাবেই যেন নষ্ট না হয়। তাদের সম্মান অক্ষুণ্ন রেখেই সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ কাজটি সহজ নয়। তবে আমরা সফলতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
উপদেষ্টার সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী।










