মেডিকেল কলেজগুলোয় সাধারণ ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘দেশের মেডিকেল কলেজগুলোয় সাধারণ ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে ক্লিনিক্যাল ক্লাস হবে সশরীরে। এক্ষেত্রে রোগীকে এসি রুমে এনে সশরীরে ক্লিনিক্যাল ক্লাস করতে নির্দেশনা দেয়া হয়েছে।’
গতকাল দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে কথা বলেছি। সেখানে শিক্ষার্থীরা কীভাবে থাকছে, তাদের হোস্টেলে কী অবস্থা সে বিষয়ে খোঁজ নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের সাধারণ ক্লাসগুলো অনলাইনে হবে। তবে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে রোগীদের এনে ক্লিনিক্যাল ক্লাসগুলো নেয়ার নির্দেশ দিয়েছি। এমন আবহাওয়া সমস্যা দ্রুত শেষ হয়ে যাবে আশা করছি, এটা সাময়িক।










