টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ উপজেলার সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে জেলা প্রশাসন।‎ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ জুলাইয়ের জরুরি গণবিজ্ঞপ্তিতে জারি করা নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সকল পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে, চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের সময় সময়ে জারি করা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

এর আগে, পর্যটকদের নিরাপত্তা ও ঝুঁকি বিবেচনায় গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন ও বিনোদনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। কিন্তু সাজেক ভ্যালিতে সোমবার ও মঙ্গলবার (৬ ও ৭ জুলাই) সকালে যে সকল পর্যটক ভ্রমণে যান; তারাই মূলত টানা বর্ষণে সাজেক সড়কের দুইটি অংশে সড়ক তলিয়ে যাওয়ার ফলে আটকা পড়েন।