নারায়ণগঞ্জ সদরের সরকারি হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতির কারণেই গত ৪ সেপ্টেম্বর পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বিকালে শহরের দেওভোগ এলাকায় সিটি করপোরেশনের শেখ রাসেল পার্কে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘গণসংলাপ বাংলাদেশ কাঠামোগত হত্যাকাণ্ড এবং নাগরিকের নিরাপত্তা’ শিরোনামে আয়োজিত সভায় বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান কার্যকরের দাবি জানান।

তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল কর্তৃপক্ষ মাত্র চল্লিশ টাকা মূল্যের মরফেন ইনজেকশন ব্যবহার করলে এতগুলো মানুষের মৃত্যু হতো না।’

এ হাসপাতালে মরফেন ইনজেকশনের লাইসেন্স না থাকা নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তাব্যক্তিদের দুর্নীতির সমালোচনাও করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। দেশের এ অবস্থার পরিবর্তন করতে হলে সরকার পরিবর্তন নয়, সরকারের সম্পূর্ণ নিয়ম পরিবর্তন করতে হবে বলে মনে করেন তিনি। পাশাপাশি সংবিধান পরিবর্তন করে তিনি ডিজিটাল আইন বাতিল করার গুরুত্বও তুলে ধরেন। দেশের সাম্প্রতিক আলোচিত ঘটনাগুলোর মধ্যে ধর্ষণ মাথাচাড়া দিয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন। সরকারি দলের ছত্রচ্ছায়ায় অপরাধীরা সারা দেশে একের পর এক নারী নির্যাতন করে বেড়াচ্ছে। কিন্তু কোনো বিচার পাচ্ছেন না অসহায় নারীরা। নারী থেকে শিশু কেউই রেহাই পাচ্ছে না।