তীব্র গরমের কারণে রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত শুক্রবারের সমাবেশ স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২৬ এপ্রিল এ সমাবেশ হওয়ার কথা ছিল। গতকাল নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে এক যৌথ সভায় শুক্রবারের সমাবেশ স্থগিত করার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সব থানা, ওয়ার্ড নেতারা এবং ঢাকা মহানগর দক্ষিণের সব অঙ্গ সংগঠনের সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিবদের এক যৌথসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাপদাহ সহনীয় পর্যায়ে এলে সমাবেশ ও মিছিল কর্মসূচির পরবর্তী তারিখ ও সময়সূচি জানানো হবে। সভায় তাপদাহের কারণে জনজীবনে দুর্ভোগ মোকাবেলায় জনগণের/নাগরিকদের পাশে থাকার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয়।
গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। এর মধ্যে ঢাকায় বিএনপির সমাবেশের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়ায়। বিএনপির এ ঘোষণার পর একই দিন রাজধানীতে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও। তবে তীব্র গরমের কারণে ১৯ এপ্রিল সারা দেশে তিনদিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস, যা গতকাল আরো তিনদিন বাড়ানো হয়। গরমে সতর্কতামূলক হিট অ্যালার্টের সময় বাড়ানোর কারণে সমাবেশ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সবশেষ গত ২৫ মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশ করে বিএনপি। তবে দলীয় কর্মসূচি হিসেবে নির্বাচনের আগে গত বছরের ২৮ অক্টোবর সর্বশেষ রাজধানীতে সমাবেশ করেছিল বিএনপি। সমাবেশ কেন্দ্র করে রাজধানীজুড়ে চলে জ্বালাও-পোড়াও ও সংঘর্ষ। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন প্রাণ হারান। এর পরদিন উত্তরার বাসায় গ্রেফতার হন ফখরুল। এরপর থেকে কয়েক মাস কারাবন্দি ছিলেন। ৭ জানুয়ারির নির্বাচনের সময় জেলেই ছিলেন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।










