বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশৃঙ্খলা ঠেকাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না। আমাদের এমন সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে। তাদের দায়িত্ব আইনশৃঙ্খলা বজায় রাখা। যাদের দায়িত্ব, তারা পালন করা ভাল।
শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজনে সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, বিচার করার জন্য তো বিচার বিভাগ আছে। এটা তাদের ওপর ছেড়ে দিন। আমরা একটা নিরপেক্ষ বিভাগ চেয়েছিলাম, সেটা এরই মধ্যে হয়েছে। বিচার বিভাগকে আগামী দিনে আরো প্রাতিষ্ঠানিক গ্রাউন্ড দেয়া হবে। গণভোটে আমরা রাজি আছি। সরকার সিদ্ধান্ত দিয়েছে। আর অপশনের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। এটা বিএনপি নেবে না।
তিনি বলেন, দেশের মানুষের এ মুহূর্তে প্রধান চাহিদা হচ্ছে একটা উৎসবমুখর নির্বাচন। সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। দেশে যে সমস্যাগুলো পুঞ্জীভূত হয়েছে, তার সমাধান নির্বাচিত সরকারই দিতে পারবে। এখন রাজনৈতিক পরিবর্তনের দিকে আমরা ফোকাস দিচ্ছি।
শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় সম্পর্কে তিনি বলেন, রায় কোনদিকে যাবে তা বিচারবিভাগের ওপর নির্ভর করে। তাই সবার উচিত বিচারব্যবস্থার ওপর আস্থা রাখা।
এর আগে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য ফ্রিতে প্রাথমিক সেবা নিশ্চিত করা হবে।
সেমিনার উদ্বোধন শেষে মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। দিনব্যাপী সামিটে অংশ নেয় চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, করপোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা।










