সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আগামী দুদিন বন্ধ থাকবে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব কটেজ-রিসোর্ট। উপজেলা প্রশাসন থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

জানা গেছে, উপজেলা প্রশাসন থেকে আগামীকাল রোববার ও পরশু সোমবার সাজেক ভ্যালির সব কটেজ-রিসোর্ট বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হলে তা মালিকদের জানায় সাজেক কটেজ মালিক সমিতি।

সমিতির সাধারণ সম্পদক ও জুমঘর রিসোর্টের স্বত্ত্বাধিকারী জেরী লুসাই এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কটেজ-রিসোর্ট বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সমিতির আওতাধীন কটেজ-রিসোর্ট মালিকদের আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি বন্ধের নির্দেশনা জানিয়ে দেয়া হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম জানান, আগামী সোমবার সাজেক ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোট সংশ্লিষ্ট ব্যতীত সকল ধরণের যান চলাচল বন্ধ থাকবে। এ সময় সাজেক ভ্যালিতে পর্যটক আসা-যাওয়াও বন্ধ থাকবে। রবি ও সোমবার সাজেকের কটেজ-রিসোর্ট বন্ধ রাখতে বলা হয়েছে।

সপ্তম ধাপে রাঙ্গামাটির তিন উপজেলায় ইউপি নির্বাচন কেন্দ্র করে ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।