গাজীপুরের শ্রীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১১ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার (৪ মে) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫), আব্দুর রাজ্জাকের মেয়ের স্বামী আবু সুফিয়ান (২৫)।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, একটি পিকআপে করে মিক্সার মেশিন ও ১৩ জন শ্রমিক ঢালাই কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে আনসার রোড এলাকায় যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি শনিবার (৪ মে) ভোর সাড়ে চারটার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলরের বাড়ির সামনে আসা মাত্রই পেছন থেকে একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে পিকআপ উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত হয় এবং ১২জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই পিকআপে থাকা আরো ১১জন আহত হয়েছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।