চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেটকার গতিরোধ করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িতে থাকা চারজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।গতকাল শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বাকলিয়া থানাধীন গুলজার বেগম মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুল্লাহ (৩২) ও মানিক (২৮)।আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হৃদয় (৩০) ও রবিন (২৭)। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত পৌনে ৩টার দিকে একদল সশস্ত্র যুবক একটি প্রাইভেটকার থামিয়ে তাতে গুলি চালায়। মুহূর্তের মধ্যে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশপাশের লোকজন গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা জানতে কাজ চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তদন্তের স্বার্থে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) ফরিদ উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে। ভুক্তভোগীদের পরিচয় ও পেশাগত তথ্য যাচাই করা হচ্ছে।’ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো হামলার পেছনের কারণ উদ্ঘাটনে কাজ করছে।










