পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) মহান স্বাধীনতা যুদ্ধে পুলিশের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে বলেন, জাতি পুলিশের কাছে কৃতজ্ঞ।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়ে ছিল বলেই আজ আমরা উন্নত দেশে পদার্পণ করতে পেরেছি। প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্তের কারণেই আমরা করোনাভাইরাস মোকাবেলা করতে এবং সঠিক সময়ে টিকা দিতে পেরেছি। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টি দেশ টিকা পায়নি।

পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথসহ অনেকে। পরে নারায়ণগঞ্জে বিভিন্ন সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের কাছে অনুদান প্রদান করা হয়।