টানা ভারি বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, ত্রাণ বিতরণ ও জরুরি সহায়তায় বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানায়, দুর্যোগ মোকাবেলায় এসব জেলার ৯০টি পয়েন্টে সদস্যরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করছেন। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা দেয়া হচ্ছে।
বান্দরবানে এখন পর্যন্ত বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। পাশাপাশি তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
এছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা সচল করতে কাজ করছে বিজিবি। নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি স্টিলের সেতু রক্ষায়ও জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর দায়িত্ব ও অঙ্গীকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।










