বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগে অনলাইনে মিডটার্ম পরীক্ষা গ্রহণ গতকাল শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থীরা নিজ বাসা থেকে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। প্রথম দিনের পরীক্ষায় উপস্থিতির সংখ্যাও ছিল প্রায় শতভাগ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, প্রথম দিনে প্রায় ৮ থেকে ১০টি বিভাগ অনলাইন প্লাটফর্ম ‘জুমে’র মাধ্যমে বিভিন্ন শিক্ষাবর্ষের মিডটার্ম পরীক্ষা নিয়েছে।
নির্ধারিত সময়ে জুম অ্যাপে প্রশ্নপত্র দেয়ার পর শিক্ষার্থীরা মোবাইল বা ল্যাপটপের ক্যামেরা ওপেন রেখে পরীক্ষা দিয়েছেন।
তিনি আরো বলেন, নির্ধারিত সময় শেষে উত্তরপত্রের ছবি তুলে মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের কাছে পাঠিয়েছেন শিক্ষার্থীরা।
যতটুকু খোঁজ পেয়েছি যেসব বিভাগে পরীক্ষা গ্রহণ করা হয়েছে, সবগুলোতে শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিল।










