বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য অব্যাহতি পাওয়া চেয়ারম্যান আলী আকবর খানকে মঙ্গলবার (২৩ এপ্রিল) জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্য-উপাত্ত পেলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার এবং ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার (২২ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিবি প্রধান বলেন, সদ্য অব্যাহতি পাওয়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে তলব করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সনদ জালিয়াতিতে তার সংশ্লিষ্টতার যথেষ্ঠ তথ্য প্রমাণ পেলে তাকে গ্রেফতার করা হতে পারে। এছাড়া এ ঘটনায় যাদের নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গত ১ এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে প্রথম গ্রেফতার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদে একে একে উঠে আসে এ জালিয়াতির সঙ্গে জড়িত বোর্ড সংশ্লিষ্ট অনেক ছোট-বড় কর্মকর্তা ও দেশের কয়েকটি কারিগরি স্কুল ও কলেজের প্রধান আর অধ্যক্ষদের নাম। সর্বশেষ গত শনিবার (২০ এপ্রিল) শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় বোর্ড চেয়ারম্যানের স্ত্রী শেহেলা পারভীনকে। তাকে গ্রেফতারের পরদিন রোববার (২১ এপ্রিল) চেয়ারম্যানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।