নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলার আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের নাম কীরণ (৪৩)। এ নিয়ে চুলার আগুনে দগ্ধ হয়ে দুজন মারা গেলেন। গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান কীরণের মা নুরজাহান বেগম (৬০)।

গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি জানান, গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে কীরণকে গত সোমবার সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যান তিনি।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, এর আগে গত সোমবার বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরজাহান বেগম মারা যান। শ্বাসনালিসহ শরীরের শতভাগ আগুনে পুড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. বিধান সরকার সাংবাদিকদের জানান, সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধদের অধিকাংশের শ্বাসনালি পুড়ে গেছে। আবার অনেকের শরীরের ৪০-৬০ শতাংশ পুড়ে গেছে। তাদের প্রত্যেকের অবস্থাই সংকটাপন্ন।