তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের আশা জাগিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। তৃতীয় বাছাই খেলোয়াড় যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন এ বেলারুশিয়ান তারকা। শেষ চারে তিনি মুখোমুখি হবেন এলেনা রিবাকিনার। কাজাখ খেলোয়াড়টি শেষ আটে হারান লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে।
৩৩ বছর বয়সী আজারেঙ্কা আত্মবিশ্বাসী সূচনার পর ছন্দ ধরে রেখে ৬-৪, ৬-১ গেমের জয় তুলে নেন। পেগুলাই নারী এককে সর্বোচ্চ র্যাংকধারী খেলোয়াড় হিসেবে টিকে ছিলেন। যদিও ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম সেমিফাইনালের জন্য তাকে আরো অপেক্ষা করতে হচ্ছে।
গতকাল আরেক ম্যাচে বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা ৬-২, ৬-৪ গেমে হারান সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ওস্তাপেঙ্কোকে। ২৩ বছর বয়সী রিবাকিনা ম্যাচে ১১টি এইচ ও ২৪টি উইনার খেলেন। ১ ঘণ্টা ১৯ মিনিটেই জয় নিশ্চিত করেন ২২তম বাছাই রিবাকিনা।










