নারায়ণগঞ্জে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে ৬০ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৫ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪২ জন। গতকাল জেলা সিভিল সার্জনের নিজস্ব ওয়েবসাইডে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে জানা যায়, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সিটি করপোরেশন এলাকায়। এর পরই রয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা। সিটি করপোরেশনে আক্রান্ত ৭৬৪ জন, সদর উপজলোয় ৫০৫, বন্দরে ৩৫, আড়াইহাজারে ৪৯, সোনারগাঁয়ে ৮৩ ও রূপগঞ্জে ৯৯ জন। করোনাভাইরাসে মৃত্যুবরণ করা ৬০ জনের মধ্যে সিটি করপোরেশনে মারা গেছেন ৪২ জন, সদরে ১৪, বন্দরে একজন, রূপগঞ্জে একজন ও সোনারগাঁয়ে দুজন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৬৩ জন। এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১৯ জনের।