সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)
দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চলমান আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়
বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টার মধ্যে
ছাত্রদের এবং আগামীকাল শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের
নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
এ সিদ্ধান্ত জানানো হয়।
এদিকে হল ছাড়ার নির্দেশনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা।
সিদ্ধান্ত ঘোষণার পর পরই তারা ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর এলাকায় থাকা শাহ আমানত পরিবহনের
একটি বাসে আগুন ধরিয়ে দেন।
এর আগে গত সোমবার (২২ এপ্রিল) বিকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে
বাসের ধাক্কায় নিহত হন পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা (২২) ও
দ্বিতীয় বর্ষের তৌফিক হোসাইন (২১)। এ ঘটনায় আহত হন জাকারিয়া হিমু (২১)। চুয়েটের কাছাকাছি
রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগর এলাকায় পৌঁছলে তাদের মোটরসাইকেলকে বেপরোয়া গতির শাহ আমানত
পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার বিষয়টি জানাজানি হওয়ার পর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যা সাতটায় প্রথম দফায় সড়ক অবরোধ করা হয়। এ সময় শাহ আমানত পরিবহনের একটি
বাস পুড়িয়ে দেয়া হয় এবং আরো দুটি বাস ভাঙচুর করা হয়। পরে কর্তৃপক্ষের আশ্বাসে রাত নয়টার
দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। পরে সেদিন রাত তিনটায় নতুন আন্দোলনের
কর্মসূচি ঠিক করা হয়। এরপর বুধবার (২৪ এপ্রিল) প্রায় ১৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন
শিক্ষার্থীরা। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা আজও সড়ক বন্ধ রেখেছেন।










