অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান ও চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সাতক্ষীরার শ্যামনগর সীমান্তবর্তী ছুটিপুর এলাকায় একটি নতুন বিওপির উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১ জুন) বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ এর অধীনস্থ নবনির্মিত ‘ছুটিপুর বিওপি’র উদ্বোধন করেন।

এসময় বিজিবির খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও যশোর রিজিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীবসহ বিজিবির কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিক, আমন্ত্রিত অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বিওপি উদ্বোধন শেষে প্রধান অতিথি ছুটিপুর বিওপিতে স্থানীয় অস্বচ্ছল রোগীদের জন্য বিজিবি কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি পরিদর্শন করেন। পরে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।