গতকাল নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়া নিরীক্ষা প্রতিবেদনে জাতীয় পার্টি জানিয়েছে, ২০২৫ সালে তাদের মোট আয় হয়েছে ১ কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা। আগের বছর এ আয় ছিল ২ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা।

আয় কমলেও ব্যয় বেড়েছে। ২০২৫ সালে দলটির ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা, যা আগের বছরের ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা ব্যয়ের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্বাক্ষর করা নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দলটির ব্যাংক হিসাবে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা জমা রয়েছে। এক বছর আগে এ অংক ছিল ৮৪ লাখ ৫০ হাজার ৮৯৪ টাকা।

দলের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের কাছে অডিট প্রতিবেদন জমা দেন। হিসাব বিবরণীতে জাতীয় পার্টি জানিয়েছে, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৯২টি আসনে প্রার্থী দিয়েছিল তারা। নির্বাচনী কার্যক্রমে রাজনৈতিক দল হিসেবে ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

এ সময় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, যুগ্ম মহাসচিব এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, দপ্তর সম্পাদক মাহমুদ আলম ও নির্বাহী সদস্য বহ্নি বেপারী উপস্থিত ছিলেন।