রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার বায়ুমান বর্তমানে মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ২৫০ ছাড়িয়ে গেছে। এ অবস্থায় সবাইকে বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে। সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, তাদের ওয়েবসাইটে বায়ুমানের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়। নাগরিকদের এ তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইটভাটা ও শিল্পকারখানার মালিকসহ সবাইকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, পরিবহনের সময় নির্মাণসামগ্রী ঢেকে রাখা নিশ্চিত করা, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুইবার পানি ছিটানো এবং পুরনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করার মতো পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।










