আগামী মার্চের মধ্যে দেশের শতভাগ মানুষকে কভিড-১৯ টিকার আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার; এ তথ্য জানিয়েছেন সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। গতকাল দুপুরে রাঙ্গামাটিতে জেলা প্রশাসন আয়োজিত কভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে দেশের ৬০ শতাংশ মানুষকে টিকা দেয়া হবে বলেও জানান তিনি।

রাঙ্গামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসূন বড়ুয়া, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার কভিড পরিস্থিতি সম্পর্কে জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, রাঙ্গামাটির প্রায় ৭ লাখ ১৫ হাজার মানুষের মধ্যে ৩ লাখ ৭ হাজার ১৫৫ জন কভিড টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে। যার মধ্যে প্রথম ডোজ গ্রহণ করেছে ২ লাখ ৮০ হাজার ৭৮ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে ২ লাখ ১৭ হাজার ৪৬৮ জন; যা মোট জনসংখ্যার ৩০ দশমিক ৪২ শতাংশ। জনসংখ্যার দিক দিয়ে টিকা প্রদানের হারে দেশের মধ্যে সর্বোচ্চ রাঙ্গামাটি।