শিশুসংক্রান্ত বিষয়াবলি নিয়ে অসাধারণ প্রতিবেদন করায় তিন শিশু সাংবাদিকসহ মোট ১৫ বাংলাদেশী সাংবাদিককে পুরস্কৃত করেছে ইউনিসেফ। মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস শুরু হয় ২০০৫ সালে। তখন থেকে গণমাধ্যমে (প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যম) প্রকাশিত দারুণ সব সাংবাদিকতাকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে শিশু অধিকার প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে এ পুরস্কার। এই অ্যাওয়ার্ডসের মাধ্যমে শিশু সাংবাদিকদের কাজকেও স্বীকৃতি ও অনুপ্রেরণা দেয়া হয়। 

মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসের ১৮তম আসরে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের প্রিন্ট, ফটো ও ভিডিও সাংবাদিকদের কাছ থেকে এক হাজারের বেশি কাজ জমা পড়েছে। গত বছর যেখানে জমা পড়েছিল ৩০০টি, সেখানে এবারের সংখ্যা তার চেয়ে প্রায় তিন গুণেরও বেশি। গতকাল বিকালে ঢাকার এক হোটেলে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস বিজয়ী

১৮ বছর ও তদূর্ধ্ব: আহমাদুল হাসান, প্রথম আলো; মো. সাজিদ হোসেন, প্রথম আলো; মো. বনি আমিন, যমুনা টেলিভিশন; মো. সবুজ মাহমুদ, ইনডিপেনডেন্ট টেলিভিশন; মো. রাকিবুল হাসান তামিম, ঢাকা পোস্ট; মো. জসীম উদ্দীন, ঢাকা পোস্ট; মুছা মল্লিক, ঢাকা পোস্ট; নজরুল ইসলাম, ঢাকা পোস্ট; রবিউল আলম, ঢাকা নোট, সাধন কুমার সরকার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ; শারমিন রিমা, সিভয়েস ২৪ ডটকম; উদিসা ইসলাম, বাংলা ট্রিবিউন। ১৮ বছরের নিচে: মো. সাফায়েত হোসেন শান্ত, দৈনিক আজকের সুন্দরবন; মো. মুজাহিদ ইসলাম, এটিএন বাংলা; মো. নাঈম ইসলাম, ইকোনমিকনিউজ২৪ডটকম।