রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আশরাদুল নামে ১৩ বছর বয়সী এক কিশোর মারা গেছে। শনিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

পথচারী ইউসুফ জানান, কিশোরটি কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে নারায়ণগঞ্জের একটি ট্রেনে উঠে। গেন্ডারিয়া স্টেশনে নামার সময় ট্রেনের ফাঁকা জায়গায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানার পুলিশকে অবগত করা হয়েছে।