অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড দশম শিরোপা জয়ের মধ্য দিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেললেন নোভাক জোকোভিচ। দুজনেরই গ্র্যান্ড স্লাম শিরোপা এখন ২২টি। গতকাল ফাইনালে তিনি ৬-৩, ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৫) গেমে হারান গ্রিক খেলোয়াড় স্তেফানো সিসিপাসকে।

অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের এককে জোকোভিচই সর্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড় এবং উন্মুক্ত যুগে তো বটেই। দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি শিরোপা জয়ের রেকর্ড রয়েছে রয় এমারসনের, উন্মুক্ত যুগের আগে। আর নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ ১১টি শিরোপা জয়ের কীর্তিটা এখনো অস্ট্রেলিয়ান গ্রেট মার্গারেট কোর্টেরই দখলে। ১০টি অস্ট্রেলিয়ান ওপেন, সাতটি উইম্বলডন, তিনটি ইউএস ওপেন ও দুটি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন জোকোভিচ। এ জয়ে বাংলাদেশী মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা প্রাইজমানি পেয়েছেন জোকোভিচ।