নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়েছে। অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সাতটি মামলায় গতকাল সকালে তাকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতান আদালতে হাজির করা হয়। তবে এসব মামলার অন্য আসামিরা অনুপস্থিত ছিলেন। এদিন নূর হোসেনের উপস্থিতিতেই আদালতে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়।
জানা গেছে, এদিন নূর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয়। আদালতপাড়ায় এ কারণে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মামলার বাকি আসামিরা হলেন সিদ্ধিরগঞ্জের সেলিম, আলী মোহাম্মদ ও জামাল
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, সিদ্ধিরগঞ্জ থানায় নূর হোসেন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে দায়েরকৃত সাতটি মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন।










