রাজধানীতে আজ ভোর থেকে শুরু হওয়া টানা ভারি বর্ষণে সৃষ্ট জলজট নিরসন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করে রাস্তা সচল রাখতে ভোর থেকেই মাঠপর্যায়ে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানায় সংস্থাটি।

​আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, রাজধানীতে আজ সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। এ পরিস্থিতিতে আজ সারা দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্ট জলজট দ্রুত নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়া রাস্তা থেকে পানি নিষ্কাশনের মুখসমূহ পরিষ্কার রাখতে ডিএসসিসির ইমারজেন্সি রেসপন্স টিম ভোর হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​এদিকে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত সংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। দ্রুত গাছ অপসারণ করার পর দুপুর ১টার দিকে সড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম।

তিনি বলেন, টানা ভারি বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

তিনি যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে একসঙ্গে এ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।