ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান ও স্থাপনা সংস্কার বা মেরামত, প্রয়োজন অনুযায়ী সিসি ক্যামেরা স্থাপন বা সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের ভাঙা ও সংকীর্ণ সড়ক মেরামতের উদ্যোগ নিতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির সই করা এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সময়সূচি ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুসারে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়। এ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন প্রতিষ্ঠান/স্থাপনাসমূহ সংস্কার/মেরামত, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন/সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের ভাঙ্গা ও সংকীর্ণ রাস্তা মেরামত প্রয়োজন হলে এ বিষয়ে নির্বাচন কমিশনের সম্মতির প্রয়োজন হবে না মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।