পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে অবৈধভাবে টাকা বিতরণকালে প্রায় ২৩ লাখ টাকা জব্দ করেছে র্যাব। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি শাহিনুজ্জামান শাহীনের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে। গতকাল সোমবার (৬ মে) দিবাগত রাত ১২টার দিকে সুজানগরের নির্বাচনী এলাকা থেকে তাকে আটক করেন র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান এ তথ্য নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে আটকদের সবার নাম-পরিচয় জানা যায়নি। তবে, আটকদের মধ্যে সুজানগর পৌরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরও রয়েছেন।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বলেন, আগামী ৮ মে সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষে আমাদের নিয়মিত টহল দল চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীনকে দুই ব্যাগ ভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা ও ১০ সহযোগীসহ আটক করা হয়। আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি, তিনি এসে ব্যবস্থা নেবেন।
তিনি জানান, আটকদের র্যাবের পাবনা অফিসে নেয়া হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।










