বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে স্বেচ্ছায় বাড়ি ফিরেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার সেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা পারভীন। তিনি করোনামুক্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শের-ই-বাংলা মেডিকেলের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী রেহানা পারভীনের ফুসফুসের উন্নতি হয়েছে মাত্র। তবে তার দ্বিতীয় দফা করোনার নমুনা পরীক্ষা হয়নি। অর্থাৎ তিনি করোনা পজিটিভ থেকে এখনো নেগেটিভ হননি। এ অবস্থায় শুক্রবার সকালে তার ছেলে জিয়াউল হাসান টিটু স্বেচ্ছায় মুচলেকা দিয়ে মাকে নিয়ে যান। পরে হাসপাতাল থেকে ছেলের মোটরসাইকেলযোগে ঝালকাঠীর নলছিটি পৌর এলাকার বাড়ি চলে যান ওই শিক্ষক।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক এসএম মনিরুজ্জামান বলেন, রেহানা পারভীনের করোনা নেগেটিভ কিনা সেটা নিশ্চিত না হওয়ায় তার সংস্পর্শে এসে অন্য যে কেউ আক্রান্ত হতে পারেন। স্বেচ্ছায় যখন চলেই গেছেন, এখন তার উচিত নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা।










