দেশে অনলাইন আর্থিক প্রতারণার ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় গ্রাহকদের সচেতন করতে এবং প্রতারণা রোধে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারী ও গ্রাহকদের স্বার্থ রক্ষা, সেবার মান নিশ্চিতকরণ এবং যেকোনো অভিযোগ দ্রুত সমাধানের জন্য ১৬২৩৬ একটি বিশেষ 'হটলাইন' নম্বর চালু রয়েছে। এ নম্বরে কল করে ব্যাংকিং বা আর্থিক সেবা সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা বা অভিযোগ সরাসরি বাংলাদেশ ব্যাংকে দায়ের করা যাবে।

অনলাইন আর্থিক জালিয়াতি থেকে বাঁচতে গ্রাহকদের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিশেষ সতর্কবার্তা মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো হলো পিন ও ওটিপি গোপন রাখা, সন্দেহজনক লিংক ও অ্যাপস এড়িয়ে চলা, লাইসেন্সবিহীন অনলাইন অ্যাপস থেকে জামানতবিহীন ঋণ বা বিনিয়োগের প্রস্তাব গ্রহণ না করা এবং লটারি বা পুরস্কার জেতার মতো প্রলোভনমূলক যেকোনো ধরনের অফার যাচাই করা।

সার্কুলারে এ বিষয়গুলো সম্পর্কে গ্রাহকদেরকে অনুরোধ ও সচেতন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ নির্দেশনাগুলো পালন করলে এবং গ্রাহকরা সচেতন হলে দেশে অনলাইন আর্থিক প্রতারণার হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।