দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক আতিকুর রহমান আতিক (৪৮)
মারা গেছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স
ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ব্রেন টিউমারের সমস্যা নিয়ে গত ১২ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল
ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন আতিকুর রহমান। গত ১৫
এপ্রিল তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সর্বশেষ হাসপাতালটির পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসকদের
পর্যবেক্ষণে ছিলেন তিনি।
আতিকুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর
সম্পন্ন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পড়ার সময় ১৯৯৬ সালে দৈনিক আল আমিন
পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতায় হাতেখড়ি।
১৯৯৭ সালে দৈনিক মানবজমিন পত্রিকার জাবি প্রতিনিধি হিসেবে যোগ দেন। একই বছর সাপ্তাহিক
অন্বেষা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। ২০০১ সালে মানবজমিনে স্টাফ
রিপোর্টার হিসেবে যোগ দেন। ২০০৫ সালে পদোন্নতি পেয়ে সিনিয়র রিপোর্টার হন।
২০০৬ সালে সান্ধ্যকালীন দৈনিক দিনের শেষে পত্রিকায় যোগ দিয়ে ডেপুটি
চিফ রিপোর্টার হন। পরবর্তী সময়ে চিফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেন। এর পর কিছুদিন
চিফ রিপোর্টার হিসেবে দৈনিক আজকালের খবর পত্রিকায় কর্মরত ছিলেন তিনি।
২০১৫ সালে যোগ দেন দৈনিক ভোরের কাগজে। সর্বশেষ যুগ্ম বার্তা সম্পাদক
হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৩ সালে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের
বেস্ট কালচারাল রিপোর্টার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।
১৯৭৬ সালের ১২ নভেম্বর টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কদমতলী ইউনিয়নের
গারাট্টা গ্রামে জন্মগ্রহণ করেন মো. আতিকুর রহমান হাবিব। তার বাবার নাম প্রয়াত মোহাম্মদ
আবু তালেব। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।










