নারায়ণগঞ্জ সদরের ডিক্রিরচর এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পলাশ চন্দ্র দাসের (১১) সন্ধান দুদিনেও মেলেনি। কাশীপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা উত্তম চন্দ্র দাসের ছেলে পলাশ গত মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নদীতে নিখোঁজ হয়।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের ইন্সপেক্টর আব্দুল হাকিম বলেন, দুদিন ধরে পলাশকে উদ্ধারে অভিযান চলছে। খবর পেয়েই নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুুরিরা এ উদ্ধারকাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া স্টেশন পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, দুদিন ধরে মুষলধারে বৃষ্টি এবং নদীতে স্রোত বেশি থাকায় তল্লাশি চালাতে ডুবুরিদের কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে পলাশ চন্দ্রকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।