রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক এসআইকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্ত। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাসার কাছেই এ ঘটনা ঘটে।
আহত ওই পুলিশ কর্মকর্তার নাম ওসমান গণি। তার পিঠে ৪৩টি সেলাই লেগেছে। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় কর্মরত আছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর জোন) সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলছেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, প্রত্যক্ষদর্শী ও থানার একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বাজার করে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি।










