শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং এ দেশের সমগ্র শাসন ব্যবস্থায় মেধাতন্ত্রকে বহু বছর ধরে সবচেয়ে অবমূল্যায়ন করা হয়েছে। একই সময়ে আমরা আমাদের সাধারণ নৈতিকতার মানকেও অধঃপতিত করেছি।
শনিবার (৭ ডিসেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ২৫তম সমাবর্তনে তিনি এসব কথা বলেন। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার দেশকে একটি গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তর করার চেষ্টা করছে। ছাত্রজনতার এ অভ্যুত্থান সফল হবে যদি আমরা একটি সুন্দর আদর্শ গণতান্ত্রিক দেশে রুপান্তরিত হতে পারি।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তিনি বলেন, বাংলাদেশ এখন চ্যালেঞ্জের সম্মুখীন। এ চ্যালেঞ্জ মোকাবেলা করা ও ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়া নির্ভর করছে আপনাদের (শিক্ষার্থীদের) ওপর। আগামী প্রজন্মকে আশা, সম্মান এবং সাম্যের আলোকবর্তিকা হিসেবে নেতৃত্ব দেয়ার দায়িত্ব আপনাদের।
শিক্ষার্থীদের উদ্দেশে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের অভিন্ন দায়িত্ব রয়েছে। এ ডিগ্রি নিয়ে আপনারা কেবল স্নাতক নন, পরিবর্তনের এজেন্ট, শ্রেষ্ঠত্বের দূত এবং এনএসইউর মিশনের মশাল বহনকারী হিসেবে পরবর্তী গন্তব্যে যাত্রা শুরু করেছেন।
২৫তম সমাবর্তনে ৮ হাজার ১৯ শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রি প্রদান করা হয়েছে। এর মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২০ শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।
সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র প্রমুখ।










