তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন এগিয়ে নিতে সবার সহযোগিতা চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আজ রোববার (৮ ডিসেম্বর) সকালে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নতুন বাংলাদেশের অভীষ্ট অর্জনের পথে দুর্নীতিমুক্ত ও সুশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তরুণ প্রজন্মই মূল চালিকাশক্তি। ত্যাগের বিনিময়ে অর্জিত রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক সমঝোতার অন্যতম লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরো জোরদার করা।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় দায়িত্ব রাজনৈতিক নেতৃত্ব ও আমলাতন্ত্রের। দুদকসহ প্রয়োজনীয় প্রতিষ্ঠানের সংস্কার করে এমন অবকাঠামো তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে দলীয় বা আমলাতান্ত্রিক প্রভাব খাটিয়ে দুর্নীতির পরিবেশ আর সৃষ্টি না হয়।

বিগত সরকার সম্পর্কে ড. ইফতেখারুজ্জামান বলেন, গত ১৫ বছরে দুদকের ক্ষমতা খর্ব করে এটি ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে শুধু দুদক সংস্কার যথেষ্ট নয়। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক দুর্বৃত্তায়নের সংস্কৃতিও পরিবর্তন করতে হবে।

প্রসঙ্গত, এ বছর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের প্রতিপাদ্য ছিল ‘নতুন বাংলাদেশ— দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’। মানববন্ধনে টিআইবি সদস্য ও কর্মীদের পাশাপাশি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্য এবং সমমনা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।