আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এ পর্যন্ত ৮ লাখ ৬৯ হাজার ২০৬ ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশী ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন করছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সোয়া ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৮২ হাজার ৬৭৮ জন এবং নারী ভোটার ৮৬ হাজার ৫২৬ জন।
ইসির হালনাগাদ তথ্য বলছে, প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৬৯ হাজার ২৫৪ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া, কাতারে ৬১ হাজার ৭৪১, মালয়েশিয়ায় ৪৭ হাজার ২২০, ওমানে ৪৬ হাজার ৬৫২, সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ১১ এবং যুক্তরাষ্ট্রে ২৬ হাজার ৫৩১ জন ভোটার নিবন্ধন করেছেন।
দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৯৫ হাজার ২৯১ জন। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা ৭৪ হাজার ৬৭৪ জন। এরপর রয়েছে, ঢাকায় ৬৭ হাজার ৫৩৩, চট্টগ্রামে ৬৪ হাজার ৫৬০, নোয়াখালীতে ৪২ হাজার ৯৩৪ ও সিলেটে ৩১ হাজার ৫০৪ জন।
সংসদীয় আসনভিত্তিক নিবন্ধনে ফেনী-৩ আসন সবার শীর্ষে রয়েছে, যেখানে ১২ হাজার ৫৫৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ১০ হাজার ১৩৫, নোয়াখালী-১ আসনে ৯ হাজার ৯২৫ এবং কুমিল্লা-১০ আসনে ৯ হাজার ৮৭০ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
ইসি জানায়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে। গত বুধবার এ সময়সীমা বাড়ানো হয়। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এ অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারছেন। তবে নিবন্ধনের জন্য প্রবাসীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।










