দিনাজপুরের হিলির কাঁচাবাজারে খানিকটা আগেই উঠতে শুরু করেছে নতুন সবজি ঢেঁড়শ। প্রতিকেজি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কেউ কেউ নতুন সবজির স্বাদ গ্রহণের জন্য কিনলেও দাম বেশি হওয়ায় অনেকেই কেনা থেকে বিরত থাকছেন। এদিকে সরবরাহ বাড়ায় আগাম জাতের পটল ও করলার দাম কমতে শুরু করেছে।

হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল করিম  বলেন, আমি বেশিরভাগই সবজি জাতীয় খাবার গ্রহণ করি। তাই বাজারে নতুন সবজি ঢেঁড়শ উঠেছে দেখতে পেয়ে ২৫ টাকায় আড়াইশ’ গ্রাম কিনেছি। দাম অনেক বেশি। কম হলে সবাই কিনতে পারতো। 

ক্রেতা ইসরাফিল হোসেন  বলেন, বাজারে নতুন সবজি ঢেঁড়শ উঠলেও ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু এই পরিমাণ টাকা দিয়ে সবজি কিনে খাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। তাই নতুন সবজি উঠেছে এটাই শুধু দেখে রাখলাম। দাম কমলে কিনে খাবো। 

সবজি বিক্রেতা রেজাউল ইসলাম বলেন, আমাদের স্থানীয়ভাবে উৎপাদিত ঢেঁড়শ এখনও বাজারে আসেনি। আরও কিছুদিন সময় লাগবে। তবে এরইমধ্যে নাটোর অঞ্চলের আগাম জাতের ঢেঁড়শ বাজারে এসেছে। তবে মৌসুমের নতুন ও আগাম জাতের হওয়ায় দাম একটু বেশি। তবে সরবরাহ বাড়লে ও স্থানীয়ভাবে উৎপাদিত সবজি বাজারে এলে দাম কমে আসবে। 

তিনি আরও বলেন, আগাম জাতের পটল কিনে আমরা প্রথমে ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। তবে এখন সরবরাহ বাড়ায় সেই পটল ১০০ টাকায় নেমেছে। এছাড়া করলা ছিল ১৬০ টাকা, তা এখন কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।  যতদিন যাবে সরবরাহ বাড়লে দাম কমবে। এছাড়া আমাদের অঞ্চলের এসব সবজি উঠা শুরু করলে দাম আরো কমে আসবে।