বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ওয়ার্কার্স পার্টি এখনো ১৪ দলে আছে। আর আছে বলেই চিঠি (গত নির্বাচন নিয়ে মন্তব্য) দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেই চিঠির জবাব দেয়া হবে।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় সিটি সেন্টার হলে জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন দাবি করেন, ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে তার দেয়া যে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি ছিল খণ্ডিত বক্তব্য। তার পুরো বক্তব্য প্রচার না করে আংশিক প্রচার করায় বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বক্তব্যের সবগুলো যদি উঠে আসত তাহলে এ প্রশ্নই উঠত না।

১৪ দলের চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া প্রসঙ্গে মেনন বলেন, ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সঙ্গে আমার কথা হয়েছে। আমার বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যা চেয়ে যে চিঠি দেয়া হয়েছে, আমি তার সন্তোষজনক জবাব দেব।

তিনি বলেন, আমি কী জবাব দেব তা এরই মধ্যে দোহারের সম্মেলনে এবং ঢাকায় সংবাদ সম্মেলন করে বলেছি। কোনো কথাই গোপন করে চলিনি।

এর আগে রাশেদ খান মেনন জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন উদ্বোধন করেন। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মাঈনুদ্দিন আহমেদ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংসু সাহাসহ অনেকে।

রাশেদ খান মেনন বলেন, দেশের মাত্র ২ শতাংশ মানুষের কাছে সম্পদ রয়েছে। এখনো দেশের ১৬ কোটি মানুষের মধ্যে চার কোটি দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাওয়ার পেছনে চালিকাশক্তি হিসেবে কাজ করছে দেশের শ্রমজীবী মানুষ ও কৃষক। কিন্তু সেই কৃষক ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত।