আমরা চাইব ভারতের সঙ্গে সম্পর্কটা আরো ভালো জায়গায় যাক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (৮ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে হওয়া বৈঠকে সরকারের অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ভারত আমাদের প্রতিবেশী। তার সঙ্গে আমাদের ভাষাগত, ইতিহাস ও সাংস্কৃতিগত যোগাযোগ রয়েছে। অভিন্ন অনেক নদী রয়েছে। ভারতের সঙ্গে আমাদের যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টতার বিষয় রয়েছে, সেই প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে। প্রত্যেকটা বিষয়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মাধ্যমে চলমান অস্থিরতার নিরসন হওয়ার আশা করেন কিনা— এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, আমরা আশা করছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো হবে। তাদের সঙ্গে আমাদের বহুমুখী সম্পর্ক রয়েছে। তাই আমরা চাইব ভারতের সঙ্গে সম্পর্কটা আরো ভালো জায়গায় যাক। যাতে দুই দেশের মানুষই এটার সুফল ভোগ করে। একই সঙ্গে চাচ্ছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ হবে। সেটা আমাদের ফোকাস।
ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আমন্ত্রণ জানানোর বিষয়ে শফিকুল আলম বলেন, আমরা তাদের বলতে পারি আপনারা আসেন। এসে মাঠে থেকে রিপোর্ট করে যান। ঘটনাস্থলে না এসে কারো মুখের কথায় কোন প্রতিবেদনে কতটুকু সত্যতা তা নিশ্চিত হওয়া যায় না। সে জন্য আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি। কারণ আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। বিশ্বাস করি যে তারা এখানে এলে ভারতের টিভি ও গণমাধ্যমে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তা অনেকাংশে দুরীভূত হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিনিধি পাঠাবেন, কী পাঠাবেন না, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু অনেক গণমাধ্যম তো সত্য কাভারেজে বিশ্বাসী না। সে দেখছে মিথ্যা চলে ভালো। সত্যতাটা মানুষের অত বেশি নজর কাড়ে না। এ জন্য হয়তো তারা আসতেছে না। কিন্তু আমাদের আমন্ত্রণ সবার প্রতি।
ভারতের সঙ্গে করা ‘অসম’ চুক্তির বিষয়ে দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হবে কিনা এমন প্রশ্নে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ভারতের সঙ্গে আগামীতে কী ধরনের সম্পর্ক হবে তা ভবিষ্যত বলতে পারে। তবে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়া অসম চুক্তিগুলো রয়েছে তা নিয়ে ভবিষ্যতে অবশ্যই আলোচনা হবে। এটা সামনে বোঝা যাবে।










