রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত নয় জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গতকাল চারজনকে গ্রেফতারের তথ্য দেয় পুলিশ।

এক সংক্ষিপ্ত বার্তায় ডিএমপি জানিয়েছে, নয়জনকে গ্রেফতারের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রটির লুন্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে হামলা ওই ঘটনা ঘটে। ১৯৭৬ সাল থেকে জমিটি ব্যবহার করছে বেসরকারি প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির মাধ্যমে জমিটি পেয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে ঢাকার শাহআলী থানায় মামলা করেছেন। সেখানে দাবি করা হয়েছে যে, প্রায় ৫০ বছর যাবৎ সরকারি চুক্তিপত্রের মাধ্যমে জমিটি ব্যবহার করছেন তারা।

হামলার ঘটনায় প্রতিষ্ঠানটির সব মিলিয়ে এক কোটি নয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর দুর্বৃত্তরা প্রতিষ্ঠানটির দেয়ালে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানার টানিয়ে দেয়া হয়েছে।

ওই মামলায় হানিফ মিয়া নামে এক ব্যক্তির পরিচয় উল্লেখ করে দুইশ থেকে আড়াইশ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ওই ঘটনার পর স্থানীয় বিএনপির দুই গ্রুপ একে অন্যকে দুষছে। তবে পুলিশ বলছে, অপরাধী যে-ই হোক দল-মত নির্বিশেষে তাদের আইনের আওতায় আনা হবে।