‘‌সিন্ডিকেটতন্ত্র’ থেকে মুক্তি পাওয়া বর্তমান সরকারের অর্থনৈতিক সংস্কারের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, যেখানে যাচ্ছি শুধু সিন্ডিকেটের কথা শোনা যায়। কিন্তু এখানে একটি মার্কেট ইকোনমিক ফোর্স থাকার কথা ছিল। তবে এরই মধ্যে দ্রব্যমূল্য ও বিমান ভাড়া কমে এসেছে। এসব সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ চলছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে এক সেমিনারে এমন তথ্য তুলে ধরেন সংস্থাটির সভাপতি কে এস মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

লুৎফে সিদ্দিকী বলেন, এসব সিন্ডিকেট আবার সরকারের বিভিন্ন সংস্থায় তাদের নেক্সাস তৈরি করেছে। আইনের মধ্যে এমন দিক রয়েছে-যাতে এসব আইনসিদ্ধভাবেই করা যাচ্ছে। এসব মুক্ত করতে আমরা সরকারের ভেতর সমন্বয় বাড়িয়েছি। সরকারের ভেতরকার সংস্কৃতির পরিবর্তন করার চেষ্টা করছি আমরা। আমাদের জনগণ আমাদের সম্পদ। আমরা স্কিল প্রসেসিং জোন করতে পারি। আমাদের মানবসম্পদকে ভাষা শিখিয়ে বিদেশে পাঠিয়ে রেমিট্যান্স আয় বাড়াতে পারি। আমাদের শ্রম মানও আন্তর্জাতিক মানের হওয়া উচিত। আমরা এসব নিয়ে কাজ করছি।