বাগেরহাট সদর উপজেলায় সরকার নির্ধারিত
মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রয়ের অপরাধে চার ব্যবসায়ীকে ১০ হাজার
টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে যাত্রাপুর বাজারে তদারকি
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ
আল ইমরান। এ সময় বেশি দাম রাখায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ
আল ইমরান বলেন, সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ, আলু, ডিম ও সয়াবিন তেল বিক্রি নিশ্চিত
করার লক্ষ্যে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে যাত্রাপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান
পরিদর্শন করা হয়েছে। এ সময় মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে
বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রয়ের অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ
আইন, ২০০৯ এর ৩৮ ধারায় প্রশাসনিক ব্যবস্থা
হিসেবে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেছেন।
অভিযান চলাকালে জনসচেতনতা বৃদ্ধি ও
ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
এতে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয়
ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদ করা থেকে বিরত
থাকার নির্দেশনা দেয়া হয়।










