রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার একটি মুদি দোকানে পাওয়া গেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সয়াবিন তেল।

গোপন সংবাদ পেয়ে গতকাল বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪৮ লিটার বিক্রয় নিষিদ্ধ এই তেল জব্দ করে। এ ঘটনায় সুমন স্টোর নামের ওই মুদি দোকানের মালিক সুমন আলীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল-মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসান আল-মারুফ জানান, সুমনের দোকানে ৪৮ লিটার টিসিবির সয়াবিন তেল পাওয়া গেছে। আইনত এসব তেল খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোকান মালিক সুমন জানিয়েছেন, টিসিবির ট্রাক থেকে কেনার পর কিছু লোক তার কাছে এই তেল বিক্রি করেছেন।