আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কিনা? এমন প্রশ্নে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানান, আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ না থাকার কথা রয়েছে, কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়; সংসদের তরফ থেকে চিঠি পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই।
তিনি আরো বলেন, আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ না থাকার কথা রয়েছে, কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই। সংসদ থেকে রেফারেন্স করলে সিদ্ধান্ত নিতে পারে কমিশন।সংবিধান অনুযায়ী স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে কমিশন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জানতে চাইলে ইসি মাছউদ বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন। সরকারের সঙ্গে কোনো দূরত্ব নেই। অক্টোবরকে হাতে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
গতকাল গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায় জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয় দলটি।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
সেইসঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয়।










