বাংলাদেশের উন্নয়ন ও জ্বালানি সংকট থেকে সৃষ্ট চাপ মোকাবেলায় বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার (৪ এপ্রিল) বিকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বৈঠকে জ্বালানি সংকটের সমাধান, উন্নয়ন কার্যক্রম ও বিনিয়োগের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সরকার কীভাবে এ ব্যাংকের সঙ্গে কাজ করবে, সে বিষয়েও কথা হয়েছে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে তাদের সহযোগিতা নিয়ে উভয় পক্ষ খোলামেলা আলোচনা করেছে।

তিনি আরো জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রক্রিয়া ও বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ নিয়েও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। এতে বিভিন্ন বিষয়ে মতামত উঠে এসেছে।

অর্থমন্ত্রী বলেন, নতুন প্রকল্পের পাশাপাশি যেসব সরকারি প্রকল্প বন্ধ রয়েছে, সেগুলো চালুর বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, আজ বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন।