সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানসহ ক্যাম্পাস ও দে‌শের নানা যৌ‌ক্তিক ইস্যুতে গণ‌বি‌রোধী ভূ‌মিকা রাখায় ঢাকা বিশ্ব‌বিদ্যালয় (ঢা‌বি) শিক্ষক সমি‌তি গণধিকৃত সংগঠনে প‌রিণত হয়েছে বলে মন্তব্য করেছে ঢা‌বির বিএন‌পি-জামায়াত সম‌র্থিত শিক্ষক‌দের সংগঠন সাদা দল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষক সমিতি কর্তৃক উপাচার্য বরাবর প্রদত্ত পত্রের বক্তব্য প্রত্যাখ্যান ক‌রে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষ‌রিত এক বিবৃ‌তি‌তে একথা বলা হয়।

বিবৃ‌তি‌তে নেতৃবৃন্দ ব‌লেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিরোধিতা এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনুগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক সমিতির এখনো নিজেদের বৈধ সমিতি হিসেবে দাবি করে মাননীয় উপাচার্য বরাবর প্রেরিত পত্রের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা শিক্ষক সমিতির নামে দেয়া এই পত্রের বক্তব্য প্রত্যাখ্যান করছি। উল্লেখ্য যে, ২০২৪ সালের নির্বাচনে নীল দল ছাড়া অন্য কোনো দল ও প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ না করায় নীল দলের প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

তারা ব‌লেন, গত ২০২৪-এর জুলাই-আগস্টে পরিচালিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় অভ্যুত্থান বিরোধী অবস্থান এবং স্বৈরশাসকের পক্ষে নির্লজ্জ ভূমিকা পালনের জন্য গত আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকবৃন্দ বিনা ভোটে নির্বাচিত তৎকালীন শিক্ষক সমিতিকে প্রত্যাখ্যান করে। শুধু তাই নয়, স্বৈরশাসক খুনি শেখ হাসিনার সরকারের পতন ও দেশ ছেড়ে তার পলায়নের ঠিক দুদিন আগে গণভবনে উপস্থিত হয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন এবং ছাত্র-জনতার আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি দেয়ায় সাদা দল তৎকালীন শিক্ষক সমিতির নেতৃবৃন্দের বিচার দাবি করে। শিক্ষক সমিতির এই গণবিরোধী ভূমিকার জন্যে এরইমধ্যে সংগঠনটি একটি গণধিকৃত সংগঠনে পরিণত হয়েছে। দেশের বিবেকবান অনেক ব্যক্তিও তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে।