পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু ও শরীফ বাহিনীর সদস্যরা পাঁচ জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারাণী এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এ সময় জেলেদের পাঁচটি মুঠোফোন ও একটি মাছ ধরার নৌকাও নিয়ে যায় দস্যুরা।

অপহৃত পাঁচ জেলের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন খুলনার কয়রার রিপন শেখ (২৬), শরণখোলার ফরিদ (৩০) ও রামপালের রিপন হাওলাদার (২৮)।

জেলেদের মহাজনরা জানান, ১০ থেকে ১৫ জন সশস্ত্র দস্যু একটি ট্রলারে করে এসে জেলেবহরে হামলা চালায়। পরে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পৃথক স্থান থেকে পাঁচজনকে নৌকা থেকে তুলে নিয়ে যায়। এ সময় পাঁচটি মুঠোফোন, একটি নৌকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায় তারা। তবে মুক্তিপণের জন্য এখনো কোনো মহাজনের সঙ্গে যোগাযোগ করেনি দস্যুরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় বলেন, জেলে অপহরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। অপহৃতদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, জেলে অপহরণের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।