চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বিশেষ ট্রেন ‘ঈদ স্পেশাল-৯’-এর তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চট্টগ্রাম থেকে সকাল ৭টায় ছেড়ে যাওয়ার পর ট্রেনটি চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশন পার হতেই শেষ তিনটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, লুপলাইন ফ্রি থাকায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা-পরবর্তী উদ্ধারকাজে রিলিফ ট্রেন কল করা হয়েছে। রিলিফ ট্রেনটি দুপুর সাড়ে ১২টা নাগাদ পটিয়া স্টেশন অতিক্রম করেছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) মো. সাইফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘‌নতুন রেলপথ হলেও ঠিক কোন কারণে কক্সবাজারে বিশেষ ট্রেন লাইনচ্যুত হয়েছে সেটি এখনো বোঝা যাচ্ছে না। দ্রুত উদ্ধারে রিলিফ ট্রেন যাচ্ছে। তবে ডুলাহাজারা স্টেশনে একাধিক লুপ লাইন সক্রিয় থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

রেলের পরিবহন বিভাগ বলছে, কক্সবাজারমুখী ট্রেনটি ১১টি বগি নিয়ে সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। সকাল ৯টা ৪৭ মিনিটে মেইন লাইন থেকে ডুলাহাজারা স্টেশনের ১ নম্বর লুপ লাইনে প্রবেশ করে। ২ মিনিট বিরতি দিয়ে ট্রেন ছেড়ে মূল বা মেইন লাইনে ওঠার আগে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ইঞ্জিন (সব চাকা), ইঞ্জিন-পরবর্তী এসএলআর (সব চাকা), শোভন (সামনের ট্রলির চার চাকা) বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৪৭ মিনিটে রিলিফ ট্রেন ডুলাহাজারার দিকে রওনা দেয়। দোহাজারি-কক্সবাজার রেলপথ প্রকল্পের চলমান কাজে নিয়োজিত কর্মীরা দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে মেইন লাইনের সঙ্গে ৩ নম্বর লুপলাইনের সংযোগ স্থাপন করায় এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।